কঠোর বিধিনিষেধে কুমিল্লার হোমনায় দিনভর চলে পুলিশ আর দোকানদারদের মাঝে লুকোচুরি খেলা। পুলিশ দেখলেই হুরোহুরি করে দোকান বন্ধ করেন ব্যবসায়ীরা। আর পুলিশ চলে গেলে সাথে সাথেই দোকান খুলেন।
সরেজমিনে দেখা গেছে, অনেক ব্যবসায়ী পুলিশ যাওয়ার সাথে সাথেই শাটার খুলে ব্যবসা শুরু করেন। কেউ কেউ আবার দুই শাটারের মধ্যে একটি খুলেন, অনেকে আবার দুই শাটারের মধ্যে একটির অর্ধেক খুলে ব্যবসা চালাচ্ছেন। এছাড়া অনেক দোকানের ভিতরে ক্রেতা ঢুকিয়ে সাটার লাগিয়েও মালামাল বিক্রি করতে দেখা গেছে। লকডাউনে এভাবেই চলছে হোমনা বাজারের ব্যবসায়ীদের ব্যবসা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, লকডাউন কার্যকরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চেষ্টা করে যাচ্ছি। তার মাঝেই মানুষ একটু ফাঁক পেলেই বিধিনিষেধ ভঙ্গ করার চেষ্টা করেন। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, সরকারি বিধিনিষেধ কার্যকর করতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইলকোর্ট পরিচালিত হচ্ছে। তারপরও মানুষের অজুহাতের শেষ নেই। যারা আইন অমান্য করছে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/কেএইচ/এসজেড