করোনাভাইরাস মহামারির প্রভাবে গত একবছরেরও বেশি সময়ে বিদেশ থেকে প্রায় পাঁচ লাখ প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন।
বুধবার (২৮ জুলাই) পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান সংবাদ সন্মেলনে জানান, বিদেশ থেকে যখন প্রবাসীরা ফেরত আসেন, তখন তাদের একটি রেজিস্ট্রি করা হয়। সেই তথ্য অনুযায়ী দেখা যায় চার লাখ ৮০ হাজার ফেরত এসেছেন। সেটার ভিত্তিতে পাঁচ লাখ ফেরত আসা প্রবাসীর তথ্য দেওয়া হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সংবাদ সন্মেলনে বলেন, বিদেশ ফেরতদের একটি ডেটাবেজ করা হবে এবং তাদের প্রকৃত আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এতদিন প্রবাসীরা দিয়েছেন, এখন আমাদেরকে তাদের দিতে হবে।
বুধবার (২৮ জুলাই) একনেক সভায় প্রায় দুই হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ১৫০ কোটি ৪২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪২৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক'র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এনএ