প্রশংসিত সাব্বির নাসিরের ‘আধা’

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

জনপ্রিয় গায়ক সাব্বির নাসির। এরইমধ্যে বেশকিছু জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন। তার নিখুঁত গায়কীর পাশাপাশি প্রতিটি মিউজিক ভিডিওতে ভিন্নতার ছোঁয়া খুঁজে পাচ্ছেন দর্শক-শ্রোতারা। এই তো এবারের পবিত্র ঈদুল আজহায় নতুন আরেকটি গান শ্রোতা-দর্শকদের উপহার দিলেন গায়ক সাব্বির নাসির। এবার তার গানের শিরোনাম ‘আধা’। এ গানটির কথা ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। এর সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। আর এ গানটির জন্য প্রথমবার মিউজিক্যাল একটি ফিল্ম নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। গানটির গায়কী, কথা, সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি নান্দনিক মিউজিক ভিডিওটি অল্প সময়ে সকলের নজড় কেড়েছে। গানটির সৃষ্টি নিয়ে জানতে চাইলে গায়ক সাব্বির নাসির বলেন, ‘গানের গীতিকার ওমর ফারুক বিশাল বেশ কিছুদিন ধরেই কাদম্বরী দেবীকে নিয়ে কি যেন ভাবছিলেন। এর আগে আমার গাওয়া ও বিশালের লেখা পর পর দুটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। গান দুটি হচ্ছে ‘আমারে দিয়া দিলাম’ আর ‘তুমি দমে দম’। তার সঙ্গে আড্ডা দিতে দিতে হামিংয়ে সুরটুকু শুনলাম। আমিও তার সঙ্গে গাইতে চেষ্টা করলাম। প্রথমবার শুনেই বিশালের পছন্দ হয়ে গেল।  তিনি বলেন, চলেন ‘আধা’ গানটি কম্পোজ করে ফেলি। সাব্বির নাসিরের ইচ্ছা ছিল এই গানে সাজিদ সরকার যুক্ত হোক। গীতিকার বিশাল সাজিদের কাছে পাঠিয়ে দিলেন কথা ও সুর।’ সাব্বির নাসির বলেন, ‘সাজিদের কম্পোজিশনে একটি বাঁশী নেই। তাই চেষ্টা করেছি কণ্ঠটাকে বাঁশীর মতো ব্যবহার করতে। এরপর এলো মিউজিক্যাল ফিল্মের বিষয়টি।’ জনপ্রিয় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে দিয়ে গানের ভিডিওটি নির্মাণের সিদ্ধান্তের বিষয়ে সাব্বির নাসির বলেন, ‘আমার আর উজ্জ্বলের বন্ধুত্ব ‘আধা’ গানটি সৃষ্টির অনেক আগে। আমরা একসঙ্গে জ্যামিং করি, আড্ডা  দেই। ভাবনার জগতে অনেক মিল। সাজিদের স্টুডিওতে একসঙ্গে যাই একদিন। গানটি শুনেই মনে ধরে যায় উজ্জ্বলের। মনে মনে আওড়াতে থাকেন। প্রথমে ভাবিইনি আমরা এটা নিয়ে কাজ করব। একদিন আমার এক বিষণ্ন বিকেলে দুজন ঠিক করি কাজটি করব। না হতে হতে কাজটি খুব সুন্দর ভাবে হয়ে গেলো।’ এদিকে মাসুদ হাসান উজ্জ্বল জানান, জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের সঙ্গে তার গভীর বন্ধুত্ব, সেখানে হিসেব খাটে না । তার উপরে ‘আধা’ গানটি শুনেই তার মনে হয়েছে এটাতে তিনি হয়ত নিজের স্টাইলের কাজ করতে পারবেন। ফলে সকলের চেষ্টায় একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়ে ফেললেন।

সাব্বির নাসিরের আধ্যাত্মিক আবহের কণ্ঠ প্রক্ষেপণ, উজ্জ্বলের নির্মাণ, ওমর ফারুক বিশালের দারুণ কথা-সুর এবং সাজিদ সরকারের চমত্কার সংগীত আয়োজনে ‘আধা’ গানটি সর্বমহলে এখন প্রশংসিত। গানটি সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। আধা’র সংগীতচিত্রে সাব্বির নাসিরের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন নীল হুরেজাহান।