‘মিমি’র প্রশংসায় ভাসছেন কৃতি!

 বিনোদন ডেস্ক

 

কিছুদিন ধরেই কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ নিয়ে বারবার আলোচনায় আসছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সেই তালিকায় ছিল ‘মিমি’ সিনেমাটি। শুটিং শুরুর পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। করোনার কারণে সিনেমা হল বন্ধ থাকলেও অবশেষে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত এই সিনেমাটি। আগামীকাল মুক্তির কথা থাকলেও ৪ দিন আগেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। আর মুক্তির পরপরই দর্শকদের সাড়ার পাশাপাশি সিনেবোদ্ধা থেকে শুরু করে অনেকের প্রশংসার জোয়ারে ভাসছেন কৃতি। সিনেমাটিতে ভিন্নরূপে কৃতির উপস্থিতি ও তার স্বাবলীল অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। অভিনেত্রী সামান্তা প্রভু সিনেমাটির একটি স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘অবশ্যই ভালোবাসি মিমি (কৃতি শ্যানন)! তুমি সত্যিই অসাধারণ। তোমার ও পঙ্কজ ত্রিপাটির অভিনয় দারুণ হয়েছে। টিমের সকলকে শুভেচ্ছা।’ চলচ্চিত্র গবেষক ও সমালোচক শৈবাল চ্যাটার্জি সিনেমাটির রিভিউয়ে বলেছেন, ‘সিনেমাটির মুখ্য অভিনেত্রী কৃতি তার চরিত্রের সঙ্গে সুবিচার করতে সক্ষম হয়েছে। চরিত্রের সঙ্গে মিশে যে আবেগঘন পরিবেশ কৃতি তৈরি করছে সেটা সত্যি প্রশংসনীয়।’ এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত কৃতি। কৃতি বলেন, ‘সিনেমাটির চরিত্রের প্রয়োজনে ১৫ কেজি ওজন বাড়ানো অনেক কষ্টের ছিল। কখনো ভাবতে পারিনি কাজটি আমি করতে পারবো। এ সময় আমার অপছন্দের খাবারগুলোও খেতে হয়েছে। অবশেষে আমার কষ্ট সার্থক হয়েছে। দর্শকদের প্রশংসা আমাকে মুগ্ধ করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, সিনেমাটি নির্মাণ করেছেন লক্ষণ উটেকার। কৃতির সঙ্গে সিনেমাটিতে স্ক্রিন শেয়ার করেছেন পঙ্কজ ত্রিপাটি।