রয়টার্স ও আলজাজিরা
ইসরাইলের হয়ে কাজ করা একটি গুপ্তচর চক্রকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, এই চরেরা ইসরাইলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত। তারা ইরানে পানির সংকট নিয়ে শুরু হওয়া দাঙ্গা-বিক্ষোভ আরো উসকে দিতে অস্ত্র ব্যবহার এবং হত্যাকাণ্ড ঘটানোরও পরিকল্পনা করছিল।
গুপ্তচরদের এই দল বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে ঢুকে পড়ার পর কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করেছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে এ কথা বলা হয়। তবে গ্রেফতার হওয়া গুপ্তচরদের সংখ্যা কত এবং তারা কখন ইরানে প্রবেশ করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি খবরে। দেশে অস্থিরতা কিংবা বিক্ষোভ-সহিংসতা উসকে দেওয়ার জন্য ইরান প্রায়ই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রুরাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবকে দায়ী করে থাকে। গত দুই সপ্তাহ ধরে ইরানের দক্ষিণাঞ্চলে পানির সংকট নিয়ে বিক্ষোভ চলছে। মূলত ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বিক্ষোভ রাজনৈতিক মোড় নিয়েছে এবং অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়েছে। এই অস্থিরতার মধ্যে ইসরাইলি চর আটকের কথা জানাল ইরান।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র ভিন্নমতাবলম্বীরা রাজপথে বিক্ষোভের সময় সহিংসতায় উসকানি দিচ্ছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘শহর এলাকায় দাঙ্গা ও হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল মোদাসের চরদের।’ নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গ্রেনেড, অ্যাসল্ট রাইফেল ও গোলাবারুদ। এর মধ্যে কিছু অস্ত্র বিক্ষোভ চলাকালে সহিংসতায় উসকানি দিতে ব্যবহার করা হয়েছে।’ তবে ইরানের এই দাবির ব্যাপারে ইসরাইল তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি।