ভারতে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ১৮ জন নিহত

বিবিসি

ভারতের উত্তর প্রদেশে গাড়িচাপায় ১৮ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো কয়েক জন। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে প্রদেশের রাজধানী লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরে বারাবানকি জেলায় অযোধ্যা-লখনৌ মহাসড়কের রাম সানেহি ঘাটের কাছে ঐ দুর্ঘটনা ঘটে।

বারাবানকির পুলিশ সুপার যমুনা প্রসাদ বলেন, একটি দ্বিতল বাস শ-খানেক যাত্রী নিয়ে বিহারে যাচ্ছিল। তিনি বলেন, রাম সানেহি ঘাটের কাছে এসে এক্সেল নষ্ট হয়ে গেলে বাসটি রাস্তার পাশে থামিয়ে রাখা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে দ্রুতগতির একটি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকর্মীরা। আহতদের নেওয়া হয় জেলা হাসপাতালে।  হিন্দুস্তান টাইমস আহতের সংখ্যা ১৯ বলে জানিয়েছে।

লখনৌ জোনের এডিজি সত্য নারায়ণ সাবাতের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, চালক বাসটি বিকল হওয়ার কথা জানানোর পর কয়েক জন যাত্রী রাস্তায় নেমে এসেছিলেন। তিনি বলেন, কিছুক্ষণ পর দ্রুতগতির একটি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। সে সময় রাস্তায় বিশ্রামে থাকা যাত্রীদের কয়েক জন বাসটির নিচে চাপা পড়ে মারা যান এবং কয়েক জন আহত হন।