চট্টগ্রাম মা শিশু হাসপাতালে জোয়ারের পানি!

বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে এক কক্ষের বহির্বিভাগ সেবার মাধ্যমে। ২০০৪ সালে নারী, শিশু ও পুরুষ রোগীদের জন্য জেনারেল ওয়ার্ড চালু হওয়ায় নামকরণ করা হয় চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল। বর্তমান ৬৫০ শয্যার এই হাসপাতালে মা ও শিশুদের জন্য রয়েছে ৩০০ শয্যা। কিন্তু এখানে চিকিত্সা নিতে আসা রোগীদের যেন দুর্ভোগের শেষ নেই। একটু বৃষ্টি আর জোয়ারের পানিতে প্রতিনিয়ত অস্বাভাবিক অবস্থার সম্মুখীন হতে হয়। নিচু এলাকা হওয়ায় একটি নির্দিষ্ট সময় পর পর জোয়ারের পানি এবং বৃষ্টিতে তলিয়ে যায় হাসপাতালের নিচতলা। কখনো কখনো পানি কোমর অবধি এসে ঠেকে। নিচ তলায় রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ, ইএনটি বিভাগ, শিশু বিকাশ কেন্দ্র, ৮০ শয্যার শিশু ওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ অনেক শাখা। জোয়ারের পানির কারণে রোগী স্থানান্তর অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া ময়লা ও লবণাক্ত পানি মাড়িয়ে রোগীর আসা-যাওয়া তাদের স্বাস্থের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই বিষয়টিকে অতি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া, শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী