বর্তমানে তরুণদের মধ্যে টিকটক এবং লাইকিসহ বেশ কয়েকটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমের প্রতি আসক্তি লক্ষ করা যাচ্ছে। এসব সাইটে ছোট ছোট ভিডিও আপলোড করছে তারা। এসব ভিডিও কোনো ভালো মেসেজ তো দিচ্ছেই না, উপরন্তু অশ্লীলতাকে উত্সাহিত করছে। এছাড়াও এ ধরনের প্ল্যাটফরমে আসক্তদের মধ্যে গ্যাং কালচারও লক্ষণীয়। অনেক শিশুও এই প্ল্যাটফরমগুলোকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। এসব সাইটে যেহেতু বেশিরভাগই অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ ভিডিও, তাই শিশুদের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে। সম্প্রতি টিকটক এবং লাইকি-কেন্দ্রিক একটি সংঘবদ্ধ অপরাধচক্রের তথ্য সামনে আসার পর থেকে দেশের মানুষের মধ্যে এ সম্পর্কে সচেতনতা তৈরি হতে শুরু করেছে। এখন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমগুলো থেকে অশ্লীলতা এবং অপরাধপ্রবণতা দূর করতে এসবের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেইসঙ্গে অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি খেয়াল রাখা।
মো. আজিজুল হাকিম রাকিব
হাসপাতাল রোড, পাইকগাছা পৌরসভা, খুলনা