তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে বুধবার পৌর এলাকার ভাদাশ গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহারা খাতুন (৫৫)। তিনি মৃত আব্দুল জলিলের স্ত্রী। নিহতের মেয়ে তানজিলা খাতুন জানান, তাদের বসতঘরের টিনের চালের ওপর দিয়ে ড্রপ তার টেনে পাশের বাড়িতে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়। ঐ তার ফুটো হয়ে ঘরের টিনের বেড়াসহ বিদ্যুতায়িত হয়েছিল। এ কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। তাড়াশ পল্লী বিদ্যুত্ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনুরূপভাবে ড্রপ তার টেনে হাজারো বাড়িতে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে, যা তাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। কারো ঘরের চালের ওপর দিয়ে ড্রপ তার টেনে আর একটি সংযোগও দেওয়া হবে না।