খুলনা অফিস
খুলনায় বুধবার দুপুরে মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, অভিযান পরিচালনা করে নগরীর টুটপাড়া মেইন রোডের মেসার্স ইসলাম ফার্মেসি ও মেসার্স ড্যাফোডিল ফার্মেসিকে ৪ হাজার টাকা করে এবং চানমারী বাজারের মেসার্স চৌধুরী ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে সংরক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।