মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে মঙ্গলবার রাতে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম গোলাম রসুল (১৬)। নিহতের বাবা কাজী রওনক অভিযোগ করেন, কিছুদিন আগে বেরইল পলিতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দুই দলের মধ্যে ফুটবল খেলা হয়। সে সময় ছেলে গোলাম রসুলের সঙ্গে একই গ্রামের সজীবসহ কয়েক জন যুবকের মারামারি হয়।
এছাড়া বেরইল পলিতা বাজারে থাকা কাজী রওনকের চায়ের দোকানে সজীবের বেশকিছু টাকা বকেয়া রয়েছে। ঐ টাকা নিয়ে মঙ্গলবার গোলাম রসুলের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এসব বিরোধের জের ধরে রাতে সজীব তার দলবল নিয়ে বেরইল পলিতা ব্রিজ এলাকায় গোলাম রসুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টায় সে মারা যায়। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।