টিকা কেন্দ্রের ঠিকানা জানাবে ফেসবুকের ভ্যাকসিন ফাইন্ডার

করোনা মহামারীতে ব্যবহারকারীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে কোভিড-১৯ সম্পর্কিত তথ্য পেতে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরণের কার্যক্রম চালু করেছে ফেসবুক। 

সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের টিকা কেন্দ্রের ঠিকানা জানাতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ‘ভ্যাকসিন ফাইন্ডার’ টুল চালু করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

কোভিড-১৯ প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা এই টুলটি ফেসবুক নিউজ ফিডে প্রয়োজনীয় তথ্যের সাথে মানুষকে যুক্ত করে। কারা টিকা নিতে পারবে, কোথায় টিকা দেওয়া যাবে এবং টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া কী-এই সকল তথ্য টুলে দেওয়া আছে। ফেসবুকের কোভিড-১৯ তথ্যকেন্দ্রে ইংরেজির পাশাপাশি বাংলাতেও ভ্যাকসিন ফাইন্ডার টুলটি পাওয়া যাবে।

পৃথিবীজুড়ে টিকাদান কার্যক্রমে সহায়তা এবং নিরাপদ স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা বৃদ্ধির জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কোভিড-১৯ তথ্যকেন্দ্রের মাধ্যমে ফেসবুক বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া তথ্যের সাথে যুক্ত করেছে। পাশাপাশি কোভিড-১৯ ও অনুমোদিত টিকা সম্পর্কিত ১ কোটি ৮০ লাখেরও বেশি ভুল তথ্য সরিয়ে নিয়েছে।

বাংলাদেশে সরকারের www.surokkha.gov.bd ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধনে আগ্রহী করতে ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে নোটিফিকেশন পাঠায়। মাস্ক পরার মতো প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও নিয়মিত মনে করিয়ে দেয়। সহজেই http://www.corona.gov.bd ওয়েবসাইট থেকে কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা জানতেও প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের সাহায্য করে। এই বছরের শুরুতে কোভিড সম্পর্কিত ভুল তথ্য শনাক্ত ও প্রতিহত করে বাংলাদেশিদের সচেতন করার লক্ষ্যে www.fightcovidmisinfo.com ঠিকানায় ফেসবুক একটি জনশিক্ষা কার্যক্রম চালু করেছে।

 

ইত্তেফাক/আরকে