বরিশাল অফিস
মৌসুমী বায়ুর এবং ঘন মেঘমালার কারণে বরিশালে টানা বৃষ্টিপাত হয়েছে। একদিকে লকডাউন এবং অপরদিকে শ্রাবণের টানা বৃষ্টিতে বাইরে নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ বের হয়নি। টানা বৃষ্টিতে বরিশালের জন জীবন বিপর্যস্ত ছিলো। নগরীর ফার্মেসী এবং লকডাউন উপেক্ষা করে কিছু দোকানপাট খোলা থাকলেও বৃষ্টির কারণে সড়কে মানুষ এবং পরিবহনের সংখ্যা নিতান্তই কম ছিলো। গতকাল বুধবার বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, অমৃত লাল দে সড়ক, বাংলা বাজার ও গীর্জা মহল্লা এলাকায় এমন চিত্রই লক্ষ্য করা গেছে। বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নুরুল আহাদ বলেন, গতকাল সকাল থেকেই টানা বৃষ্টি হয়েছে বরিশালে। বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ১০ থেকে ১২ নটিক্যাল মাইল।