শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য বিএনপির আমলেই ছিল :তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির আমলেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য ছিল, আওয়ামী লীগ সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন থেকে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউট আয়োজিত সেরা অটোমেটেড আর্থিক প্রতিবেদন পুরস্কার-২০২১ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

‘সরকার দলীয়করণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-দলাদলির কথা যদি বলেন, শিক্ষাঙ্গনে যে কি পরিমাণ সন্ত্রাস হয়েছে, তা ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে বুয়েট শিক্ষার্থী সনির মৃত্যু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নিয়োগ করা ভিসির রাতের বেলা অফিস দখল করা থেকেই বোধগম্য। মির্জা ফখরুল সাহেব যা বলেছেন, সেগুলো তাদের বেলাতেই প্রযোজ্য।’

এর আগে চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউটের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আর্থিক প্রতিবেদনে অটোমেশন পদ্ধতি চতুর্থ শিল্পবিপ্লবে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাবেক সিনিয়র সচিব শুভাশিস বোস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।