কেরানীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের তেঘুরিয়া এলাকায় মঙ্গলবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী সজিব আহমেদকে (১৯)  হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। থানার এসআই বোরহান উদ্দিন জানান, মোটরসাইকেল আরোহী তেঘুরিয়া রোড থেকে উলটো পথে মাওয়া রোডে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আহত অবস্থায় সজিবকে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপার বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে।