জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে? এখন সংক্রমণ যে হারে বেড়েছে, তাতে জীবন রক্ষাই দায়।

গতকাল বুধবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত বিফ্রিংয়ে এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। তাই মনে রাখতে হবে, কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে, এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয় হতে পারে। দেশের মানুষের সুরক্ষায় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাই। দেশের উন্নয়ন, অর্জন ও সমৃদ্ধিতে যারা  লাভবান হয়েছে, বিশেষ করে সমাজের ধনী শ্রেণির মানুষের প্রতি অনুরোধ জানাই, এ সংকটে অন্তত কিছু সহযোগিতা নিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ান।