করোনায় মারা গেলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯)। গতকাল বুধবার বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সানিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এছাড়া ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইনসচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।  গত ১২ জুলাই সানিয়ার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চার দিন পর তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন থাকাবস্থায় গতকাল সকাল ১০টায় তিনি মারা যান।

১৯৯২ সালের পহেলা আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন সানিয়া আক্তার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দশম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালের পহেলা মার্চ বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগ দেন। তার স্বামী এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন।