কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের অবস্থার তেমন কোনো উন্নতি নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। শতভাগ ভেন্টিলেটরনির্ভর থাকা আলী আশরাফের অবস্থা মঙ্গলবার ভোর থেকে অবনতির দিকে যায়। বর্তমানে অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও উল্লেখ করার মতো উন্নতি হয়নি।
চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক আলী আশরাফের মেয়ে তানিয়া পারভিন গতকাল বুধবার রাতে ইত্তেফাককে জানান, লাইফ সাপোর্টে থাকাবস্থাতেই গতকাল বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত তার ডায়ালাইসিস করা হয়েছে। আগের দিন রক্তচাপ আশঙ্কাজনক হারে কমে গেলেও গতকাল প্রায় স্বাভাবিক ছিল। রক্তে প্লাটিলেট ওঠানামা করছে, এজন্য রক্ত দেওয়া হচ্ছে। অক্সিজেন সেচুরেশনের উন্নতি নেই।
আলী আশরাফের ব্যক্তিগত সহকারী মো. জসিম উদ্দিন ইত্তেফাককে জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাত পৌনে ৯টার দিকে আলী আশরাফের সর্বশেষ অবস্থার খোঁজ নিয়েছেন। রাষ্ট্রপতির পক্ষে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গতকাল আলী আশরাফের একমাত্র ছেলে ও এফবিসিসিআইয়ের পরিচালক মুনতাকিম আশরাফ টিটুকে ফোন করে খোঁজ নেন। পরে রাষ্ট্রপতিকে তিনি আলী আশরাফের পরিস্থিতি অবহিত করেন। এর আগে আরেকবার রাষ্ট্রপতির তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খোঁজ রাখছেন আলী আশরাফের। তিনিও গত সপ্তাহে আশরাফ পুত্র টিটুকে ফোন করে খবর নেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব একাধিকবার ফোন করে খোঁজ নিয়েছেন।
আশরাফকন্যা তানিয়া পারভিন জানান, চিকিত্সকরা তাদের জানিয়েছেন, আলী আশরাফকে উচ্চমাত্রার ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। স্কয়ার হাসপাতালে আলী আশরাফের চিকিত্সায় দায়িত্বরত চিকিত্সকদের পরামর্শে ভারত থেকে গত শুক্রবার রাতে যে ২১টি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ইনজেকশন আনা হয়েছে, সেগুলো প্রয়োগ করা হচ্ছে। সবগুলো ইনজেকশন দেওয়ার পর পরিস্থিতি বোঝা যাবে। চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বয়সের কারণে তাকে সঠিক মাত্রার ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।
গত ২১ জুলাই ঈদের দিন বিকাল ৩টায় লাইফ সাপোর্টে যাওয়ার পর থেকে আলী আশরাফ এখন পর্যন্ত কোনো সাড়া দেননি। তবে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ। পিত্তথলিতে জমা পাথর অপসারণের জন্য আলী আশরাফকে ১০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে কেবিনে থেকে আইসিইউতে নেওয়া হয়। সংক্রমণ কমাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও উন্নতি হয়নি। সর্বশেষ নিউমোনিয়া ধরা পড়ে।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলী আশরাফ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি এ নিয়ে পঞ্চমবার কুমিল্লা থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে তিনি সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।