বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম গতকাল সকাল ১০ ঘটিকায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে এবং টাফ্টস বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি একজন ভাষা সৈনিক, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।
১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তিনি পেশাগত জীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে মরহুম আলম তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের পূর্বে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ন্যস্ত ছিলেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।