রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর-১ নম্বর সেকশনের মাজার রোডে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনে বিকাল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়াছুড়ির কারণে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। পরে আহতরা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নেন। নির্মাণসামগ্রী সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে শোনা গেলেও এর সত্যতা স্বীকার করেনি পুলিশ।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ জানান, দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছার আগেই পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।