জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত হলো হূদরোগ চিকিত্সার অত্যাধুনিক প্রযুক্তি আইভাস, রোটা-অবলেশন। শিগিগরই হাসপাতালের হূদরোগীদের চিকিত্সায় যুক্ত হবে কার্ডিয়াক এমআরআই ও সিটি মেশিন। গতকাল বুধবার হাসপাতালে রোটা-অবলেশন প্রযুক্তি সংযোজিত হয়েছে। দেশের ইতিহাসে প্রথম কোনো সরকারি হাসপাতালে এই প্রযুক্তির মাধ্যমে ৭৫ বছর বয়সি এক জটিল রোগীর চিকন ও শক্ত রক্তনালিতে এনজিও প্লাস্টি (রিং পরানো) করা হয়েছে। এই জটিল অবলেশন পদ্ধতিতে এনজিও প্লাস্টির নেতৃত্ব দিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।
প্রসঙ্গত, রক্তনালিতে দীর্ঘদিন ব্লক থাকার ফলে সেখানে ক্যালসিয়াম জমে কঠিন হয়ে যায়। ফলে সাধারণভাবে এ ধরনের রক্তনালিতে এনজিও প্লাস্টি করা যায় না। রোটা-অবলেশন পদ্ধতির মাধ্যমে রক্তানালিতে ক্যালশিয়াম কেটে রক্তনালির পরিধি বাড়িয়ে এনজিও প্লাস্টির জন্য উপযোগী করা হয়।