বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এরপর এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (খুলনা ও যশোর) স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো এবং উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বৃষ্টিও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া এর প্রভাবে চট্টগ্রামে ফের পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। তিনি বলেন, স্থলভাগে উঠে আসায় সুস্পষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়া সম্ভাবনা নেই। এটি আজকের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যেতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি থাকবে। সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজো বহাল রাখা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজো অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়, সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল (বজ্রমেঘ) মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।