রাজধানীর পল্লবী থেকে মাদকসহ গ্রেফতার নাইজেরিয়ার চার নাগরিকের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কারাগারে পাঠানো ঐ ব্যক্তিরা হলেন—ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার বিকালে রাজধানীর কালশী এলাকা থেকে নাইজেরিয়ার ঐ চার নাগরিককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল হুইস্কি, ৩২ পিচ বিদেশি বিয়ার ক্যান, ৬৮ পিচ দেশীয় মদ জব্দ করা হয়।