অমাবস্যার ভৌতিক ছায়ায়

তার বাবা পাকিস্তানি আর মা চেকশ্লোভাকিয়ান, জন্ম আমেরিকায়। বেড়ে উঠেছেনও সেখানে। তবে নার্গিস ফাখরি নিজেকে একজন ‘গ্লোবাল সিটিজেন’ দাবি করেন। হিন্দি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করার উচ্চাভিলাষ নিয়ে মুম্বাইয়ে পা রেখেছিলেন আমেরিকায় বেড়ে ওঠা নার্গিস। তার অভিষেক হয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই বলিউডের যুবরাজ হিসেবে খ্যাত রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হওয়ার সৌভাগ্য হয়েছিল বলে শুরুতেই সবার নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। অভিনয়ের দুর্বলতা নিয়ে কথা উঠলেও নার্গিস তা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন ‘রকস্টার’-এর বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের কারণে। ২০১১ থেকে ২০১৯—হিন্দি সিনেমাঙ্গনে নার্গিস ফাখরির ৮ বছর কেটে গেছে। তাকে এবার নতুন বলিউডি সিনেমা ‘আমাবাস’-এ দেখা যাবে এ সপ্তাহে।শহর থেকে অনেক দূরে, নির্জন এক এলাকায় বেড়াতে আসে এক তরুণ দম্পতি। তারা থাকার জন্য একটি পুরোনো পরিত্যক্ত বাড়ি বেছে নেয় কিছুটা থ্রিল ও অ্যাডভেঞ্চারের প্রত্যাশায়। কিন্তু তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে কয়েকদিনের মধ্যে। সেই পুরোনো বাড়িটিতে ঘটতে থাকে অতিপ্রাকৃত নানা ঘটনা। এইসব নিয়ে হরর সিনেমা ‘অমাবাস’ নির্মিত হয়েছে। এ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। ৩৯ বছর বয়সী এই মডেল কাম অভিনেত্রীকে গত বছর হলিউডি সিনেমা ‘ফাইভ ওয়েডিংস’-এ দেখা গেছে বো ডেরেক, ক্যান্ডি ক্লার্ক, অ্যানিলিয়েজ ভ্যান ডের পল প্রমুখ হলিউডি তারকার সঙ্গে। নার্গিসকে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ফাটা পোস্টার নিকালা হিরো’, ‘ম্যায় তেরা হিরো’, ‘আজহার’, ‘হাউসফুল থ্রি’, ‘ডিশুম, ‘বানজো’ সিনেমাগুলোয় দেখা গেছে। আমেরিকান সুপার মডেল ট্যালেন্ট হান্ট শোতে অংশ নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করা নার্গিস ফাখরি বলিউডে পা রেখেছিলেন অনেক উচ্চাশা নিয়ে। একজন গ্ল্যামারাস, স্মার্ট, সাহসী নায়িকা হিসেবে বলিউডে সবার নজর কাড়লেও অভিনয়ে তেমন সক্ষমতার প্রমাণ দিতে পারেননি তিনি। বলা যায়, অভিনীত সিনেমাগুলোয় দুর্বল অভিনয়ের কারণে তিনি দর্শক-সমালোচকদের মন ভরাতে পারেননি। এ কারণে বলিউডে যে মিশন নিয়ে পা রেখেছিলেন নার্গিস ফাখরি, তা অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। ‘আমাবাস’ সিনেমায় আবার দর্শকদের সামনে ফিরে আসছেন তিনি। তবে এবার কতটা সাড়া জাগাতে পারবেন, তা আগে থেকে বলা যাচ্ছে না। তবে নিজের অভিনয় নিয়ে আশাবাদী নার্গিস। তার ধারণা দর্শক ‘আমাবাস’ দেখে ভালোভাবেই গ্রহণ করবে তাকে। হরর ধাঁচের কাহিনির হিন্দি সিনেমাগুলোয় মোটামুটি ভালো দর্শক টানতে সক্ষম হয় সাধারণত। সেই হিসেবে নার্গিস ফাখরি নতুন সিনেমাটির মাধ্যমে বলিউডে নতুন করে সাড়া জাগাতে পারেন। আগামীতে তার আরও একটি নতুন সিনেমা ‘তোরাবাজ’ আসছে। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলাকারীদের কর্মকাণ্ড নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন নার্গিস। সঞ্জয় দত্ত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আপাতত তার হাতে আর কোনো সিনেমা না থাকলেও নার্গিস অপেক্ষায় আছেন। নতুন দুটি সিনেমা হয়তো হিন্দি সিনেমার দর্শকদের কাছে তাকে আগের চেয়ে বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে।