ভারত থেকে এলো আরো ২০০ টন তরল অক্সিজেন

দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিত্সায় ভারত থেকে দ্বিতীয় দফায় আনা হয়েছে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। ভারতের ঝাড়খন্ড থেকে এ অক্সিজেন গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের একটি ট্রেনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ নিয়ে ভারত থেকে মোট ৪০০ মেট্রিক টন অক্সিজেন এলো ।

জানা গেছে, করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী এই তরল মেডিক্যাল অক্সিজেনের আমদানিকারক ‘লিন্ডে বাংলাদেশ’। রফতানিকারক ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ। লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, অক্সিজেনের অভাবে কোনো করোনা রোগীর যাতে বিপদে পড়তে না হয়, সে জন্য সরকারের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।  তিনি আরো বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিক্যাল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হচ্ছে ।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান বেনাপোল রেলওয়ে স্টেশন পৌঁছে। পরের দিন ২৫ জুলাই অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে সিরাজগঞ্জে।