রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণাধীন একটি ভবনের ছাদের একাংশ ধসে পড়ে কমপক্ষে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিয়ম বর্হিভুতভাবে ভবনের ছাদ নির্মাণ কাজে ব্যবহূত বাঁশের সার্টারিং নড়বড়ে থাকায় এ ছাদ ধসের ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৫টার দিকে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক নগরীর সড়ক ভবন চত্বরে সওজ’র ওই ভবনটিতে ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাত্ দোতলার ছাদের একটি অংশ ধসে পড়লে কয়েকজন শ্রমিক নিচে পড়ে যান। এছাড়া প্রাণে বাঁচতে ভয়ে ছোটাছুটি করতে গিয়ে অন্তত পাঁচজন শ্রমিক আহত হন। তাদের অনেকেই হাত, পা ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস বলছে, দুর্বল সার্টারিংয়ের কারণে ছাদ ঢালাইয়ের একাংশ ধসে পড়ে।
রংপুর সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহ বলেন, বৃষ্টির কারণে সার্টারিং সরে গিয়ে একাংশ ধসে পড়েছে। এতে দু-তিনজন শ্রমিক আহত হন। তাদেরকে প্রাথমিকভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।