অ্যাকশন থ্রিলার সিনেমায়ও উজ্জ্বল

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হলিউডি সিনেমা ‘মিস বালা’ বেশ সাড়া জাগিয়েছে বক্স অফিসে। অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন নারী, যে তার ঘনিষ্ঠ এক বন্ধুকে অপহরণকারী মাদক ব্যবসায়ী দলের বিরুদ্ধে ভয়ংকর যুদ্ধে অবর্তীণ হয়। ২০১১ সালে একই নামে নির্মিত মেক্সিকান সিনেমা অবলম্বনে নির্মিত ‘মিস বালা’য় গ্লোরিয়া ফন্টেস চরিত্রে রূপদান করেছেন জিনা রড্রিগেজ। ৩৪ বছর বয়সী ল্যাটিন বংশোদ্ভূত এই আমেরিকান অভিনেত্রীর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে সিনেমাটি। এখানে তার অভিনয় দর্শক-সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেছে। পাশাপাশি বক্স অফিসে অর্জিত সাফল্য জিনা রড্রিগেজকে নতুন করে লাইম লাইটে নিয়ে এসেছে। তাকে নিয়ে ইদানীং দর্শক মহলে বেশ আলোচনা হচ্ছে। স্যাটায়ারধর্মী রোমান্টিক ড্রামা সিরিজ ‘জেন দ্য ভার্জিন’-এ জেন ভিলানুয়েভা চরিত্রে অভিনয়ের সুবাদে তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছিল। যার জন্য ২০১৫ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার পান জিনা রড্রিগেজ। আমেরিকার শিকাগোতে তার জন্ম। বাবা ছিলেন বক্সিং রেফারি। তিন বোনের মধ্যে সবার ছোট জিনা সাত বছর বয়সে একটি সালসা ড্যান্স কোম্পানির সঙ্গে যুক্ত হন। টেলিভিশন পর্দায় জিনা রড্রিগেজের অভিষেক হয়েছিল ২০০৪ সালে ‘ল অ্যান্ড অর্ডার’ সিরিজের একটি এপিসোডে অভিনয়ের মাধ্যমে। এরপর তাকে একে একে দেখা গেছে ‘এলিভেনথ আওয়ার’, ‘আর্মি ওয়াইভস’ ও ‘দ্য মেন্টালিস্ট’ সিরিজে। তবে ছোটপর্দায় জিনার চমক লাগানো উপস্থিতি ঘটে ২০১১ সালের ১৯ অক্টোবর। বেভারলির সোপ অপেরা সিরিজ ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গেছে। মিউজিক্যাল ফিল্ম ‘গো ফর ইট’-এ অভিনয়ের সুবাদে ইমাজিন অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেন জিনা। পরের বছর ২০১২-তে তাকে দেখা যায় ইন্ডিপেনডেন্ট মিউজিক্যাল ড্রামা ফিল্ম ‘ফিলি ব্রাউন’-এ। এর মাধ্যমে ইমাজিন অ্যাওয়ার্ড তার করায়ত্ত হয়েছিল। তার অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়েছিল। নিউ ইয়র্কের ফাস্ট রান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন ‘ফিলি ব্রাউন’ সিনেমায় অভিনয়ের জন্য। লাইফটাইম চ্যানেলের টিভি সিরিজ ‘ডেভিয়াস মেইন’-এ অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি। বর্তমানে ‘সামওয়ান গ্রেট’ সিনেমায় অভিনয় করেছেন। এর পাশাপাশি মিরান্ডা জুলাই পরিচালিত নতুন একটি ক্রাইম ড্রামা ফিল্মে অভিনয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন জিনা রড্রিগেজ।