কুমিল্লায় চৌকস নাট্য সম্প্রদায়ের ১৫ বছরপূর্তি উদযাপন করা হয়েছে। ‘নাটক আমাদের বিলাসী প্রয়াস নয়, মঞ্চই আমাদের তীর্থ কেন্দ্র’-এই শ্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর মহেশ চ্যারিটেবল ট্রাস্টের (ঈশ্বর পাঠশালা) নাট মন্দিরে আলোচনা সভা ও নাট্যোত্সবের আয়োজন করা হয়। সভায় কুমিল্লার প্রবীন নাট্যব্যক্তিত্ব মো. হাসিম আপ্পুকে চৌকস নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এবং তাকে নাট্যজন সম্মাননা প্রদানসহ উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। চৌকস নাট্য সম্প্রদায়ের পরিচালক সালেহ উদ্দিন লাভলুর সভাপতিত্বে এবং ডা. ইউসূফ সাজনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট নাট্যজন ও সংবর্ধিত অতিথি হাসিম আপ্পু, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি শাহজাহান চৌধুরী, আবৃত্তিশিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, অধুনা থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, প্রভাষক হালিম সৈকত, অ্যাপোলো নাট্য সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের অনুষ্ঠান সম্পাদক আল আমিন প্রমুখ। রাতে মান্নান হীরা রচিত ও চৌকসের মাসুম রানার নির্দেশনায় মঞ্চস্থ হয় পথনাটক ‘ফুটপাত’। নাটকে ফুটপাতের মানুষের জীবন নিয়ে ফুটে উঠেছে বাস্তবজীবনের চিত্র। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ২ দিনব্যাপী কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনের নাট্যমঞ্চে প্রতিবিম্ব থিয়েটারের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাটক ‘হোম সার্ভিস’। বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য দর্শক-শ্রোতা নাটকগুলো উপভোগ করেন।