৩৮তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখা গত ২ ও ৩ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালায় প্রথমদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রতীক এন্দ। তাকে সর্বাত্মক সহযোগিতা করেন শান্তিনিকেতন থেকে সদ্য সঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করে আসা ব্রাহ্মণবাড়িয়া শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য অমিতা দেবনাথ। কি-বোর্ড এবং তবলায় ছিলেন যথাক্রমে আব্দুর রহিম ও সুদীপ্ত সাহা মিঠু।
সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথিতযশা সাংবাদিক ওয়াহিদুল হকের স্মরণে আয়োজন করা হয় পাঠচক্র ও শ্রোতার আসর। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল।
আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমৃতলাল সাহা, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত সেন ও বিশিষ্ট বাচিক শিল্পী মনির হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার। অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন ছিল আসন্ন ৩৮তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণেচ্ছুক প্রতিযোগিদের মান নির্ধারণ পর্ব। প্রতিযোগিতার এই পর্বে কিশোর ও সাধারণ বিভাগে জেলার প্রায় প্রতিটি উপজেলা থেকে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
কিশোর বিভাগে প্রথম মান পাওয়া ৫ জনের মধ্যে প্রথমস্থান অর্জন করে প্রীতম আচার্য। এছাড়া দ্বিতীয় মান অর্জন করে আরো ৫ জন। সাধারণ বিভাগে প্রথম মান পায় মাত্র দু’জন। প্রথম মান পেয়ে প্রথম স্থান অর্জন করে মো. মাইনুর রহমান খান। এই বিভাগেও দ্বিতীয় মান অর্জন করে আরো ৫ জন। ২ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সঞ্জীব দেবনাথ, কোষাধ্যক্ষ মাসুদ উর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. অরুনেশ্বর পাল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন জামিনুর রহমান, অঞ্জনকুমার দাস, সোমা পাল ও রিপন দেবনাথ।