ভাঙতে ভাঙতে এতোদূর চলে আসা,
এখন সময় সময় যাচ্ছে অনিশ্চিত অপেক্ষায়
জোয়ার কখন আসে, কখন যে চাঁদের উদয়
কবিতার সঞ্জীবনী সুধা এই মননে মেখেছি
ভাটা আর উদ্বেগের বস্তু নয়, আতঙ্ক-অধ্যায়
পেরিয়ে এসেছি কবে ওই সব সামান্যতা
মনোমধ্যে চিহ্নছাপ আলোড়ন কিছুই তোলে না
গোধূলি আগতপ্রায়। সন্ধ্যা নামবে হুলুস্থ্থুল
সাম্রাজ্য বিস্তারে ওর কার্পণ্য হবে না কিছু,
আঁধার নিঝুম নয়, স্বভাব নিরীহ নয় কিছুমাত্র
দৌরাত্ম্য সে ভালো মত আয়ত্ত করেছে জেনো, এই তথ্য
সকলের বোধের গোচরে নেই, দৃশ্যমানও নেই
আঁধার আসলে এক আততায়ী লক্ষ্যে বড়ো অবিচল
আঁধার কখনো কিন্তু স্রোতোবাহী নয়, বন্ধ্যা বালুচর
এবার নিঃশব্দে হবে মোকাবেলা, শুরু হবে অনন্ত ক্ষরণ—