সাগরে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে এখনো নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ বাঁশখালীর চাম্বল এলাকার ছয় ফিশিং ট্রলার ও পাঁচ জেলে বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হয়নি। নিখোঁজ জেলেরা হলেন পশ্চিম চাম্বল এলাকার মৃত আহমদ উল্লাহের ছেলে আনিস মাঝি (৪৫), মৃত নুর মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮), শীলকুপ এলাকার মৃত মফিজের ছেলে মিয়া (৩২), আস্করিয়া পাড়ার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ও কুতুবদিয়ার ছৈয়দ আলম (৪৫)। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ছয়টি ফিশিং ট্রলার নিখোঁজ হয়। এ সময় মাঝি-মাল্লাদের কয়েক জন ট্রলার থেকে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় উপকূলে চলে আসেন। তবে এখনো পর্যন্ত পশ্চিম চাম্বল এলাকার পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। চাম্বল বাংলা বাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো হদিস মিলেনি। অপর দিকে সাগরে মাছ ধরতে গিয়ে উদ্ধার হওয়া লাশটি চাম্বলের বারুলিয়াপাড়ার মৃত আমির হোসেনের ছেলে ইমরান মিয়ার (৫৫)। বুধবার বিকালে তার দাফন সম্পন্ন হয়।  এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাগরে এখনো পাঁচ জেলে ও ছয় ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে।