দৌলতপুরে পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার

দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউপির আবেদের ঘাট নামক স্থানে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই কলেজছাত্রে লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে দুপুর দেড়টার দিকে তারা পদ্মায় নিখোঁজ হন। মৃত দুই ছাত্র হলেন ফিলিপনগর কবিরাজ পাড়ার বাবুল কবিরাজের ছেলে ইউসুব আলী কবিরাজ (১৮) এবং ফিলিপনগর মাঠপাড়া গ্রামের কমির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম সম্রাট (১৮)। তারা দুজনেই ফিলিপনগর-মরিচা (পি,এম) কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, দুপুর দেড়টার দিকে কয়েক জন তরুণ পদ্মার চরে ফুটবল খেলার জন্য যান। এক পর্যায়ে ফুটবলটি নদীতে পড়লে প্রথমে সম্রাট তুলে আনতে গিয়ে পানিতে তলিয়ে যান। ইউসুব আলী তাকে ধরতে গেলে তিনিও তলিয়ে যান।  দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল লাশ দুটি উদ্ধার করার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।