ভূরুঙ্গামারীতে ৯ রোহিঙ্গা আটক

ভূরুঙ্গামারীতে একই পরিবারের সাত জনসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিলাই ইউনিয়নের কাছুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলো—বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের হাসেম আলীর স্ত্রী সবিকা খাতুন (৫০), ছেলে নাছিম (১৫), রিয়াজ (১০), ইসমাইল (০৩), মেয়ে আছমিরা খাতুন (১৮), তাহমিরা আরা (০৭), রুমাইয়া খাতুন (০৫) ও রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং ২-এর ইসমাইল (১৭) এবং ১৩ নম্বর টেংরাখালী ক্যাম্পের ফাইজুস সালাম (২৭)। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলার হাটের দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়া একটি অটোরিকশাকে থামার নির্দেশ দিলে দুই জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় আটো আটকিয়ে জিজ্ঞাসাবাদে তারা জানায় সলিম নামের এক ব্যক্তির (দালাল) মধ্যস্থতায় ভারতে যাওয়ার উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। পরে তাদের আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ৯ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।