বাংলাদেশে করোনাভাইরাস মারাত্মক সংক্রামক রূপ নিয়ে হাজির হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা ভয়াবহ এবং আক্রমণাত্মক সে সম্পর্কে খুব ভালোভাবেই জানান দিচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। বিভাগীয় কিংবা জেলা শহরগুলোর গণ্ডি পেরিয়ে যার প্রভাব এখন প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যাতায়াতের দুরবস্থা, হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন কিংবা চিকিত্সার সুবিধা না থাকায় মৃত্যুর মিছিল হচ্ছে দীর্ঘ। করোনা মোকাবিলায় যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে নতুন করে আতঙ্ক তৈরি করেছে ডেঙ্গু। স্বাভাবিক জ্বর, ঠান্ডা, কাশি, মাথাব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হচ্ছে অনেকের। চিকিত্সকদের মতে, একই ব্যক্তি করোনা এবং ডেঙ্গু দুটোতেই একসঙ্গে আক্রান্ত হতে পারেন। যার ফলে ডেঙ্গু নতুন করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এদিকে চট্টগ্রামের কক্সবাজারসহ অন্যান্য অঞ্চলের লোকজন ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে সংকট দেখা দিচ্ছে। এমন ত্রিমাত্রিক পরিস্থিতিতে আত্মসচেতনতা অধিক জরুরি। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে নিজে সতর্ক থাকতে হবে এবং অন্যদের সতর্ক রাখতে হবে।
মামুন হোসেন আগুন
শিক্ষার্থী, ঢাকা কলেজ