সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা ও কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ওয়ারসিয়া খুশবু ও মৃন্ময় রায় স্বর্ণপদক অর্জন করেছে। কোভিড-১৯ সংক্রমণের কারণে এবার এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা ও আন্তর্জাতিক কারাতে (কাতা) প্রতিযোগিতা-২০২১ অনলাইনে অনুষ্ঠিত হয়। দাবায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ৯ বছর বয়সি ওয়ারসিয়া খুশবু ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করে। এশিয়া মহাদেশের বিভিন্ন স্কুলের মোট ৩৬১ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতার বালিকা বিভাগে অংশ নেয়। অনলাইনে দাবা ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড মার্শাল আর্ট ডেভেলপমেন্ট আয়োজিত আন্তর্জাতিক কারাতে (কাতা) প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব। প্রতিষ্ঠানের মৃন্ময় রায় স্বর্ণপদক জয় করে। সাউথ পয়েন্টের আরেক প্রতিযোগী আঞ্জুমান হক রৌপ্য পদক এবং দীপ রায় ও মুনজেরিন রহমান ব্রোঞ্জ পদক পায়। বাংলাদেশের ৪০ জনসহ বিভিন্ন দেশের কয়েক শ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের স্পোর্টস কো-অর্ডিনেটর শওকত সিদ্দিকী দলীয় ম্যানেজার এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের দ্বীন ইসলাম কোচের দায়িত্ব পালন করেন।