আর্জেন্টিনার বিদায়ে ব্রাজিলের টিপ্পনী

কোপা জয়ের আনন্দের রেশ এখনও কাটেনি। মেসি কোথায় যাবেন সেটি নিয়েও আলোচনা শেষ হয়নি। তার আগেই অলিম্পিক গেমস ফুটবল শুরু হয়ে গেছে। নজর ছিল আর্জেন্টিনা ব্রাজিলের দিকে। মেসির ভক্তদের জন্য দুঃখের খবর হচ্ছে প্রিয় দল আর্জেন্টিনা অলিম্পিক গেমস হতে বিদায় নিয়েছে। গ্রুপ পর্বের দেয়াল পার হতে পারেনি। স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েও শেষ রক্ষা হয়নি মেসির ছোট ভাইদের। গোল পার্থক্যের নিরিখে পিছিয়ে থাকায় টোকিও অলিম্পিক থেকে বিদায় নিতে হল আর্জেন্টিনাকে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটের টিকিট নিশ্চিত করে মিসর।

আর্জেন্টিনার বিদায়ের পর ব্রাজিল ফুটবলাররা তাদের ইন্সটাগ্রামে টিপ্পনী কেটেছেন। ম্যাথিউস কুনহা, রেইনার হেসুস ও রিচার্লিসনের সঙ্গে মিলে আর্জেন্টিনাকে বিদায় জানানোর ভঙ্গি করেন তারা। ভিডিও দেখে আর্জেন্টিনার ফুটবলাররা কোপা আমেরিকা ফাইনালের একটি ছবি আপলোড করেন স্টোরিতে। যেখানে দেখা যায়, ডি পলের সামনে মাটিতে বসে আছেন রিচার্লিসন। সেই স্টোরিতে তিনটি ইমোজি দিয়ে তিনি বোঝান যে, আমরা এরই মধ্যে কোপা জিতে বসে আছি।

আর্জেন্টিনার বিদায় হলেও গেমস ভিলেজে রয়ে গেছে ব্রাজিল। নেইমারের ব্রাজিল এখনও টিকে আছে। উঠে গেছে নকআউট পর্বে।  সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে সহজেই নক-আউট পর্বের মুখ দেখল ব্রাজিল। জোড়া গোলে ম্যাচের নায়ক রিচার্লিসন। প্রথম ম্যাচে তার হ্যাটট্রিকে ভর করেই জার্মানির বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ব্রাজিল। যদিও দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে হোঁচট খেতে হয় সেলেকাওদের। বুধবার আরো একবার নিজ দল ব্রাজিলকে তিন পয়েন্ট এনে দিলেন রিচার্লিসন। পাঁচটি লক্ষ্যভেদে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে তিনি। সৌদি আরবের বিরুদ্ধে ব্রাজিলের অপর গোলদাতা ম্যাথউস কুনহা। অলিম্পিক ফুটবলের বর্তমান স্বর্ণজয়ী ব্রাজিল। শুধু আর্জেন্টিনা নয় অলিম্পিক থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। আয়োজক দেশ জাপানের কাছে ০-৪ গোলে হেরে বিদায় হয়েছে।  পাশাপাশি আইভরি কোস্টের সঙ্গে ড্র করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের রৌপ্যজয়ী জার্মানি।