যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টিকা না নিলে প্রতিদিন পরীক্ষা করাসহ নানা বিধিনিষেধ পালন করতে হবে। এমন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ নিয়ে ঘোষণা দেওয়ার কথা জো বাইডেনের। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের বহুল প্রত্যাশিত অবকাঠামো বিলটি নিয়ে সিনেটে বিতর্ক হচ্ছে। খবর সিএনএন ও ফক্স নিউজের সরকার কর্মকর্তাদের টিকা নেওয়া সম্পর্কিত প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তারা টিকা না নিলে প্রতিদিন পরীক্ষা করানো, শারীরিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরা বাধ্যতামূলক থাকতে পারে। বুধবারও এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে টিকা না নিলে চাকরিচ্যুত করা হবে না। স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউজ থেকে বাইডেনের ঘোষণা দেওয়ার কথা। মঙ্গলবারই এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন আরো বেশি আমেরিকানকে টিকা নিতে উত্সাহ দেওয়ার কথা জানিয়েছিলেন। বাইডেন বলেছিলেন, বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, এটা নিরাপদ এবং প্রত্যেক আমেরিকানের ওপর কার্যকর। প্রত্যেক প্রাপ্তবয়স্ক এই টিকা নিতে পারবে।
অবকাঠামো বিল নিয়ে বিতর্ক হবে
প্রেসিডেন্ট বাইডেনের অগ্রাধিকারের শীর্ষে থাকা অবকাঠামো বিল নিয়ে সিনেটে অগ্রগতি হয়েছে। বুধবার দুই দলের মধ্যে বিলটি নিয়ে চুক্তির পর সিনেটে বিতর্কের জন্য ভোটাভুটি হয়েছে। এতে পক্ষে ৬৭ এবং বিপক্ষে ৩২ ভোট পড়ে। এর মধ্যে ৪৮ জন ডেমোক্র্যাট, দুইজন নিরপেক্ষ এবং ১৭ জন রিপাবলিকান পক্ষে ভোট দিয়েছে।