রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে প্লাজমা দেওয়া হচ্ছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চিকিত্সকরা তাকে প্লাজমা দিচ্ছেন বলে জানিয়েছেন আলী আশরাফের মেয়ে তানিয়া পারভিন।
আলী আশরাফের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে তানিয়া পারভিন গতকাল বৃহস্পতিবার রাতে ইত্তেফাককে জানান, বুধবার ডায়ালাইসিস করানোর পর থেকে গতকাল পর্যন্ত অবস্থা কিছুটা ভালো মনে হচ্ছে। রক্তচাপ মোটামুটি ঠিক আছে। তবে রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় গতকালও রক্ত দেওয়া হয়েছে। নয় দিন ধরে লাইফ সাপোর্টে শত ভাগ ভেন্টিলেটর-নির্ভর থাকা আলী আশরাফের অক্সিজেন সেচুরেশনের উন্নতি নেই। চিকিত্সকরা গতকাল ভেন্টিলেটর-নির্ভরতা একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করতে চাইলে অবস্থা খারাপের দিকে যায়।
তানিয়া পারভিন জানান, বয়স, ডায়াবেটিস এবং বর্তমান অবস্থার কারণে তার বাবার শরীর প্রয়োজনীয় সব ওষুধের সঠিক মাত্রা নিতে পারছে না। একটি সমস্যার জন্য ওষুধ দেওয়া হলে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। স্কয়ার হাসপাতালে আলী আশরাফের চিকিত্সায় দায়িত্বরত চিকিত্সকদের পরামর্শে ভারত থেকে যে ২১টি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ইনজেকশন আনা হয়েছে, সেগুলোও প্রয়োজনীয় মাত্রায় প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। প্রথম দুই দিন পরিপূর্ণ মাত্রায় ইনজেকশন দেওয়া সম্ভব হলেও বর্তমানে খুব কম মাত্রায় প্রয়োগ করতে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আলী আশরাফের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিয়া পারভিন।
গত ২১ জুলাই ঈদের দিন বিকাল ৩টায় লাইফ সাপোর্টে নেওয়া হয় ৭৩ বছর বয়সি আলী আশরাফকে। তবে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ। পিত্তথলিতে জমা পাথর অপসারণের জন্য ১০ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়। সংক্রমণ কমাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও উন্নতি হয়নি। সর্বশেষ নিউমোনিয়া ধরা পড়ে।
সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলী আশরাফ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি এ নিয়ে পঞ্চমবার কুমিল্লা থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে তিনি সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।