শ্রীপুরে স্বামী-স্ত্রীসহ সড়কে ১৩ জনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন জন, রংপুরের তারাগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী, গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় স্বামী-স্ত্রী ও কাপাসিয়ায় মোটরসাইকেল আরোহী, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিশু, মাগুরায় গৃহবধূ, ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধা এবং নাটোরের বড়াইগ্রামে ট্রাকচালকের সহকারী ও সিংড়ায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন জন নিহত ও আহত হয়েছেন আরো দুই জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠানোর সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত ও হাসপাতালে নেওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়। নিহতরা হলেন—হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে নুরুল ইসলাম,  রংপুরের আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরপাইয়াতলী গ্রামের জয়নাল সরদারের ছেলে মিঠুন সরদার লিটন। এছাড়া মারাত্মক আহতাবস্থায়                কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন ট্রাক্টর চালক আমির হোসেন ও কাভার্ড ভ্যান হেলপার রাব্বি।

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, তারাগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও এক জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাল ৩টায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের তেরমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে হারুন অর রশিদ নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী মনিরুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। আহত বেলালকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুরে রাস্তা পার হওয়ার সময় মাওনা চৌরাস্তাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রীকে চাপা দিলে স্ত্রী রূপজান বেগম (৭৩) ঘটনাস্থলেই নিহত হন। স্বামী আবুল  হোসেন (৭৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

এছাড়া কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ সড়কের বরুণ মাসুম মার্কেট এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মো. হাবিবুর রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত হাবিবুর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকান্দি গ্রামের মো. নবি উদ্দিনের পুত্র ও  এস.এস.এস নামক একটি এনজিওর মাঠকর্মী বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার খাড়েরা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইভা নেত্রকোনার আটপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে। দুর্ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়। আহতদের সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।

মাগুরা  প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে মাগুরা-নহাটা সড়কে মহম্মদপুর উপজেলার রাহাতপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূ  নিহত হয়েছেন। নিহত খাদেজা খাতুন মহম্মদপুর উপজেলার  রাহাদপুর গ্রামের প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। এ ঘটনায় আকবর নামে আরো একজন আহত হন।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে মোটারসাইকেল চাপায় জহুরা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘোষপালা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জহুরা আচারগাঁও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে একইদিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৫২) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে উপজেলার লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী চুয়াডাঙ্গা সদরের স্কুলপাড়া গ্রামের আত্তাব আলীর ছেলে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় বস্তা ব্রিজের পাশে নাটোরগামী ট্রাকে পিষ্ট হয়ে আজাহার আলী (৭০) নামে ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কলম গ্রামের আকবর আলীর পুত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে স্টাফ রিপোর্টার, রংপুর জানান, নগরীর ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানি চত্বরে গতকাল বৃহস্পতিবার ভোরে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পোস্ট ও বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ধাক্কা দিলে ট্রাফিক পোস্টে থাকা বিশাল টেলিভিশনের স্ক্রিনসহ পুরো পোস্টটি গুঁড়িয়ে যায়। অন্যদিকে বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।