প্রণোদনার অর্থ শেয়ারাজারে বিনিয়োগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম ?মুস্তফা কামাল। তিনি বলেছেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উত্সাহিত করতে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রবাসী আয় পুঁজিবাজারসহ যে কোনো খাতে বিনিয়োগে বাধা নেই। তবে অর্থনীতি পুনরুদ্ধারে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করার প্রশ্নই আসে না। গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রণোদনার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ হওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে—এমন খবর প্রকাশিত হওয়ায় এ সম্পর্কে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। কোভিড মোকাবিলায় কোন খাতে কত অর্থ ব্যয় হবে, তা সুনির্দিষ্ট করে দেওয়া আছে। নিয়ম অনুযায়ী, এক খাতের টাকা অন্য খাতে খরচ করা যায় না। আমি বিশ্বাস করি, এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তারপরও বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, অবশ্যই খতিয়ে দেখা হবে।
চামড়া শিল্পের সংকট নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট সুপারিশ পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, আমিও একসময় চামড়া শিল্পের সঙ্গে যুক্ত ছিলাম। ওয়ান-ইলেভেনের পর সব বিক্রি করে দিয়েছি। তবে লেদার ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল, সেভাবে এগিয়ে যায়নি।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে গতকাল। সেই সঙ্গে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের বছরব্যাপী গৃহীত কর্মসূচি বাস্তবায়নে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগ, নগরসজ্জা এবং দেশে-বিদেশে ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজনসহ বিভিন্ন প্রকাশনা, ভিডিও, ডকুমেন্টারি, এলইডি স্ক্রিন স্থাপন এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, এই ক্রয় কোন প্রতিষ্ঠান হতে কত টাকায় সংগ্রহ হবে সেটি নির্ধারণ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকালের সভায় বিষয়টির নীতিগত অনুমোদন হয়েছে।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের আওতায় ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ধরনের ফোর টায়ার ডাটা সেন্টার শুধু একটি প্রতিষ্ঠান সরবরাহ করে তাই সরাসরি ক্রয় করা হচ্ছে বলে সভা শেষে জানানো হয়েছে। এছাড়া সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় ৫৯ দশমিক ৮৭ একর জমির ওপর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় প্রস্তাবিত লালদিয়া বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, পিপিপি আইডিয়াটি ভালোভাবে আমরা বিক্রি করতে পারিনি। এখন আমাদের হাতে টাকা আছে তাই নিজেরা করছি। কিন্তু আমাদের লক্ষ্য হলো বৈদেশিক বিনিয়োগ। আগে অবকাঠামোর সমস্যা ছিল, এখন সেটি নেই। যে ধারণা করে পিপিপিতে নেওয়া হয়েছিল সেটি বর্তমান চাহিদার আলোকে মেটানো সম্ভব নয় বলে প্রকল্পটি পিপিপিতে বাস্তবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আটটি প্রস্তাব উপস্থাপন করা হলে সাতটি অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী জানান, পানি উন্নয়ন বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম (১ম সংশোধিত) প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-১ এর পূর্ত কাজ ১৫৫ কোটি ৪৩ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের প্যাকেজনং-ডব্লিউডি-০৫ এর আওতায় রাজুপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত সড়ক নির্মাণের পূর্ত কাজ স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ৬৫৫ কোটি ৫০ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) বাংলা ও ইংরেজি ভার্সনের ৫২টি লটে ৩ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৬১৬টি বই অগ্রণী প্রিন্টিং প্রেস (৪৬টি লট) এবং কচুয়া প্রেস এন্ড পাবলিকেশন্স (৬টি লট) এর নিকট থেকে ১১৫ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ১ম লটে ৩০ হাজার মে.টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৩ কোটি ৫৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পৃথক আরেকটি প্রস্তাবে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল), জামালপুর এর জন্য বয়লার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ৫৬ কোটি ৬৫ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। অপর এক প্রস্তাবে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ স্থাপন প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-১ এর পূর্ত কাজ ২৬৬ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।