পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দিল্লি সফরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোকে জোটবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার রাজনীতির অঙ্গন ছাড়িয়ে বিজেপিবিরোধী বুদ্ধিজীবীদেরও কাছে টানার চেষ্টা করেছেন তিনি! গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তার সঙ্গে সাক্ষাত্ করেছেন বিশিষ্ট কবি, গীতিকার জাভেদ আখতার ও আর স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। সাক্ষাত্ শেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের স্লোগান ‘খেলা হবে’ নিয়ে জাভেদ আখতারকে গান লেখার অনুরোধ জানিয়েছেন মমতা।
হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মমতা ব্যানার্জির বিচরণ ক্ষেত্র শুধু রাজনীতির অলিন্দে সীমাবদ্ধ নেই। এবার নয়াদিল্লি সফরে গিয়েও তার প্রমাণ দিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে টার্গেট করে রাজধানীতে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন তিনি। বিরোধী শিবিরকে এক ছাতার তলায় আনতে পুরোদমে ময়দানে নেমেছেন। এর মধ্যে জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গে এই বৈঠক বিশেষ তাত্পর্যপূর্ণ। কারণ এই আলোচনা সহজেই বুদ্ধিজীবী সমাজ ও বিনোদন জগতে ছড়িয়ে পড়বে। এর জেরে সর্বভারতীয় স্তরে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা আরো বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
খবরে বলা হয়েছে, কবি জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমি বরাবরই বিজেপিবিরোধী অবস্থান নিয়ে আসছেন। নাগরিকত্ব সংশোধনী আইনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন তারা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দিল্লিতে শাবানা আজমি, জাভেদ আখতারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। এ সময় জাভেদ বললেন, আমি মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। যেভাবে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ চেয়েছেন মমতা, সেভাবে দেশেও পরিবর্তন চাইছেন। নিশ্চয়ই পরিবর্তন আসবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান জনপ্রিয় হয়েছে। সকলের মুখে মুখে এই স্লোগান।
বিজেপিবিরোধী জোটের প্রধান মুখ কে হবেন? তা নিয়েও এক প্রশ্নের জবাবে জাভেদ বলেন, কে নেতৃত্ব দেবেন, সেটি পরের বিষয়। গুরুত্বপূর্ণ হলো—আমরা কেমন ভারত চাই। আমরা ভারতের কেমন ঐতিহ্য, কেমন স্বাধীনতা, কেমন গণতন্ত্র চাই। গণতন্ত্রকে যতটা ভালো করা যায়, ততটাই ভালো করতে হবে।