সোনারগাঁওয়ে করোনার টিকা নিতে হাসপাতালে উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনার প্রকোপ বাড়ছেই। সেই সঙ্গে বাড়ছে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা গেছে, করোনা টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে মানুষ। এতে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অন্যদিকে টিকা প্রত্যাশীদের চাপে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতালে সপরিবারে টিকা নিতে আসা ভবনাথপুর এলাকা আফজাল হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল ৯টা থেকে লাইনে আছি, দুপুর ১২টায়ও সিরিয়াল পাইনি। ৩টি বুথের মাধ্যমে টিকা দেওয়ার জন্য এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। এখানে বুথের সংখ্যা বৃদ্ধি করলে আর গাদাগাড়ি ও ভিড় হতো না।

টিকা নিতে আসা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বা ভিড় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বলেন, স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে কাজ করেছেন। কিন্তু বর্তমানে আনসার ভিডিপি সদস্যরা নেই। এখন প্রতিদিন গড়ে ৮০০-৯০০ জন লোক টিকা নিচ্ছেন। এই মুহূর্তে টিকার বুথ বাড়ানোর কোন পরিকল্পনা নেই। তবে ৮ থেকে ১২ আগস্ট উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।