সাভারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ১০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম শাহিন মিয়া (৪৫)। সে কাঞ্চনপুর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গভীর রাতে সাভারের কাঞ্চনপুর বালুরমাঠ এলাকায় মাদক ব্যবসায়ী শাহিন মিয়া হেরোইন বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শাহিনকে সাড়ে ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আটক মাদক ব্যবসায়ী শাহিনের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।