পদ্মা সেতুর পিলারে আঘাত

ফেরি ব্যবস্থাপনা খতিয়ে দেখতে নৌ-মন্ত্রণালয়ের কমিটি গঠন

পদ্মা সেতুর পিলারে আঘাতের ঘটনায় ফেরির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলাচলরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিগুলোর ভেসেল ট্র্যাকিং সিস্টেম-ভিটিএস এবং রেডিও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষাসহ ছয়টি বিষয় তদন্ত করবে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌ-মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেরি শাহজালাল দুর্ঘটনার বিষয়টি সরেজমিনে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ২৭ জুলাই চার সদস্যবিশিষ্ট  একটি কমিটি গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) ড. রফিকুল ইসলাম খান কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন—নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহিনুর ভূঁইয়া এবং বিআইডব্লিউটিএর পরিচালক (নৌসংরক্ষণ ওপরিচালন) মো. শাহজাহান।

কমিটির কার্যপরিধি মধ্যে রয়েছে-ফেরি ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা; ফেরি নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা (ভেসেল ট্র্যাকিং সিস্টেম-ভিটিএস এবং রেডিও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষাসহ); ফেরি পরিচালনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন; ফেরি মেরামত, ব্যবহূত যন্ত্রাংশ ও ব্যয়ের কার্যকারিতা পরীক্ষা করা (অধিক পুরাতন/ব্যবহার অনুপযোগী ফেরিসমূহ স্ক্র্যাপ করা যায় কি না, সে বিষয়ে মতামত প্রদানসহ); ফেরির মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা করা; নিরাপদ ফেরিপরিচালনার জন্য দিক-নির্দেশনামূলক প্রতিবেদন প্রণয়ন এবং অন্যান্য। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কোঅপ্ট করতে পারবে।