কাতারে অক্টোবরে প্রথম বারের মতো আইনসভার নির্বাচন

কাতারে একটি নির্বাচনি আইনে অনুমোদন দিয়েছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল আমিরের অফিস থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি আইন অনুযায়ী, ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ আসনে ভোট হবে। বাকি ১৫ আসনে আমির নিয়োগ দেবেন। নির্বাচিত এবং নিয়োগ পাওয়া ব্যক্তিরা একই দায়িত্ব এবং মর্যাদা পাবেন। তারা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। এছাড়াও নির্বাহী কর্তৃপক্ষের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকবে। সদস্যরা সরকারের জনগণ ইস্যুতে যে কোনো প্রস্তাব দিতে পারবে।  কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা আল থানি জানিয়েছেন, পুরো দেশকে ৩০টি নির্বাচনি জেলায় ভাগ করা হবে এবং প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। ১৮ বছর এবং এর বেশি বয়সিরা ভোট দিতে পারবেন। তবে যেসব নাগরিকের দাদার জন্ম কাতারে হয়নি তারা ভোট দিতে পারবেন না। প্রার্থীকে অবশ্যই কাতারে জন্মগ্রহণ করতে হবে এবং বয়স অন্তত ৩০ বছর হতে হবে। কাতারে মিউনিসিপ্যাল নির্বাচন অনুষ্ঠিত হলেও দেশটিতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ। ২০০৩ সালে গণভোটের মাধ্যমে দেশটিতে নতুন সংবিধানের অনুমোদন দেওয়া হয়। —আলজাজিরা