নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে প্রথম ধাপে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন টাইগার দলের ৮ ক্রিকেটার। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান ও লিটন কুমার দাশ।
সকালে রওনা হওয়া ৮ ক্রিকেটারের সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্টর পক্ষ থেকে ছিলেন হেড কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। এছাড়া পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনিল যোশি, ফিজিও তিহান চন্দ্র মোহন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন তাদের নিজ নিজ দেশ থেকে সরাসরি নিউজিল্যান্ডে সফরকারী দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন: মৃত্যুর আট বছর পর একুশে পদক পেলেন আজম খান
আগামী ৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন আরও ৭ টাইগার ক্রিকেটার। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি যথাক্রমে নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানোডিন এই তিন ভেন্যুতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর আগামী ২৮ ফেব্রুয়ারি তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সেডন পার্কে। এরপর দ্বিতীয়টি শুরু হবে ৮ মার্চ বেসিন রিজার্ভে এবং সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ মার্চ হ্যাগলি ওভালে।
ইত্তেফাক/জেডএইচডি