উচ্চ মূল্যের লুপুলাস চাষের সম্ভাবনা

আবুল কাসেম ভূঁইয়া

 

ইউরোপ, আমেরিকায় উত্পাদিত সবজির মধ্যে লুপুলাস নামের সবজি মূল্যবান জিনিসের মতো। এই সবজির বৈজ্ঞানিক নাম হলো হিউমুলাস লুপুলাস। হিউমুলাস লুপুলাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। পশ্চিমা বিশ্বে এই সবজির ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। এই সবজি অনেকটা অ্যাসপারাগাসের মতো। খেতেও অনেকটা সেরকম। অ্যাসপারাগাস যেভাবে রান্না করা হয় এই সবজিও সেভাবে রান্না করা হয়। তাছাড়া এই সবজির আরো অনেক ব্যবহার রয়েছে। জানা গেছে সবজিটির প্রথম চাষ হয় ৭৩৬ সালে জার্মানিতে। তবে ‘হপশুটস’ পানীয়তে ব্যবহার করা হয় ১০৭৯ সালে। পরবর্তীকালে হপশুটসের আরো অনেক ওষুধিগুনের কথা সামনে আসে। এর বিশেষ অ্যান্টি ব্যাকটিরিয়াল গুন রয়েছে। টিবি রোগীদের ওষুধ তৈরিতে, ক্যানসার চিকিত্সায় কাজে লাগে হপশুটস। এসব কারণেই হপশুটসের এমন আকাশছোঁয়া দাম। ক্যানসারের ওষুধ তৈরিতে চিকিত্সা বিজ্ঞানে এই হপশুটস নিয়ে বহু গবেষণাও চলছে। এই গাছটি মূলত ঝোপ প্রকৃতির। ফুলগুলো সবুজ রঙের আর নরম। তাই খুব সাবধানে গাছ থেকে তুলতে হয়। তোলার সময় ক্ষতিগ্রস্ত হলে তা আর বিক্রির যোগ্যতা থাকে না। ইউরোপ এবং আমেরিকায় এর ব্যাপক চাষ হলেও পৃথিবীর অন্যান্য দেশে তেমন চাষ হয় না। এই সবজির সম্পর্কে সবার তেমন কোনো ধারণা নেই। ভারতের বিহারের এক চাষি পৃথিবীর সবচেয়ে দামি এই সবজির চাষ করে বেশ তাক লাগিয়ে দেন। এক কেজি লুপুলাসের দাম প্রায় এক লাখ রুপি। ভারতে এই দামি সবজির উত্পাদন সম্ভব হওয়ায় ভারতের অনেক চাষি এ ব্যাপারে এগিয়ে আসছেন। আমাদের বাংলাদেশেও হিউমুলাস লুপুলাস সবজি উত্পাদনের ব্যাপারে গবেষণা চালিয়ে দেখলে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশে অনেক বিদেশি দুর্লভ সবজি এবং ফল উত্পাদন করে সফলতা অর্জন করা গেছে।