গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ একসঙ্গে ১২ কর্মকর্তা কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। চেতনানাশক গ্যাসে তারা অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত বৈদ্য।
বুধবার বিকেল সাড়ে ৫টায় অগ্রণী ব্যাংক কোটালীপাড়া শাখায় এ ঘটনা ঘটে।
অসুস্থ ১২ জনের মধ্যে সাতজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শাখা ব্যবস্থাপক স্বপন মালাকার (৫০), অফিসার রিপন বাড়ৈ (৩৩), ক্যাশিয়ার তন্ময় বিশ্বাস (৩৩), মিল্টন বৈদ্য (৩৩), নিরাপত্তা কর্মী মধু সুধন স্বর্ণকার (৩৫), মহানন্দ কুমার রায় (৩৫) ও উজ্জ্বল বৈদ্য (২২)।
নিরাপত্তা কর্মী মধু সুধন স্বর্ণকার বলেন, ‘অফিস শেষে বের হওয়ার সময় হঠাৎ করে ম্যানেজার স্যার অসুস্থ হয়ে পড়েন। তারা মাথায় যখন পানি ঢালছিলাম তখন ক্যাশিয়ার স্যার অসুস্থ হয়ে পড়েন। এরপর আমাদের অফিসের এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়ে। এ সময় আমাদের চিৎকার চেঁচামেচিতে পাশের সোনালী ব্যাংকের স্টাফরা ছুটে আসেন। লোকজনকে খবর দিয়ে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।’
আরো পড়ুন: মেকআপ কাণ্ডে মাহফুজ-পপির দ্বন্দ্ব
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যতদূর জেনেছি তাতে ব্যাংকের কাগজপত্র বা টাকা পয়সা কিছুই খোয়া যায়নি। আমরা তদন্ত করে ঘটনার কারণ উদঘাটন করবো।’
ইত্তেফাক/অনি