আক্কেলপুরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

আক্কেলপুরে চার তলা বাসার ছাদ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ছাত্রীর নাম ফারিয়া আখতার ওরফে ইতি (১৬)। সে আক্কেলপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ঐ দিন বিকাল সাড়ে ৪টায় ইতি আক্কেলপুর কলেজ বাজারের পাইকারি কাঁচাবাজার এলাকার মনিরুজ্জামানের চার তলার বাসার ছাদ থেকে পড়ে যায়। ইতির বাবা ফজলে রাব্বী কলেজ বাজার কাঁচামালের আড়তদার। তিনি পরিবার নিয়ে ঐ বাসার তিন তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাবা ফজলে রাব্বী বলেন, আমার মেয়ে বাসার ছাদ থেকে পড়ে আহত হয়েছিল। সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।