হাতিয়ায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যু

জীবিত উদ্ধার ১১ 

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

বৈরী আবহাওযার কারণে সাগর উত্তাল থাকায় হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ১২ জেলেসহ একটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এক জেলেকে মৃত এবং বাকি ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। রাত সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়া ট্রলার ও মৃত জেলে শ্যামল চন্দ্র জল দাশের (৩০) লাশ উদ্ধার করা হয়। শ্যামল চন্দ্র জলদাশ হাতিয়ার দক্ষিণ শূল্যাকিয়া গ্রামের মতিলাল চন্দ্র দাশের ছেলে।  কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. এ এস এম লুত্ফুর রহমান  জানান, হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল নিয়ে ভাসান চর এলাকায় যান।  এ সময় ট্রলারের ১১ জেলেকে জীবিত উদ্ধার করেন। আর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। জীবিত জেলেরা হাতিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।